লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাসির (৪৮) নামে এক সিএনজি চালক নিহত এবং এক নারীসহ পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাসির লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের মো: দবির উদ্দিনের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি সিএনজি লোহাগড়ায় আসার পথে কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সিএনজি চালক নাসির ঘটনাস্থলেই মারা যান। স্হানীয়দের সহযোগিতায় গুরুতর আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ, লোহাগড়া ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সৃষ্ট ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’রোববার (২৭ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।





