এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশ ও ইউএনও’র গাড়ি ও এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সারাদেশের মতো সিলেটেও ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় এ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা।
কর্মসূচি উপলক্ষে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ছাত্র-জনতা। তবে আধাঘণ্টা অবস্থানের পর নতুন নির্দেশনা অনুযায়ী ব্লকেড তুলে নেন তারা।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে চৌহাট্টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৪টা থেকেই চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করে ছাত্র-জনতা। সেখানে ঘণ্টাখানেক সময় অবস্থান করে চন্ডিপুলে যায় তারা।
এ সময় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগবিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠে চন্ডিপুল এলাকা। আধাঘণ্টা পরে এনসিপি নেতা নাহিদ ইসলামের আহ্বানে ব্লকেড তুলে নেয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার মিডিয়া সেল সম্পাদক ফখরুল হাসান বলেন, ‘গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের নীরবতা ও পক্ষপাতই আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া করে তুলছে। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে আমরা ছাত্র-জনতাকে নিয়ে সরাসরি প্রতিরোধ গড়ে তুলব।’
এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার সময় সরকার ও প্রশাসনের নীরবতা গভীর উদ্বেগজনক। আমরা দায়ীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। এ দেশে গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিবাদীদের আর মাথা তুলে দাঁড়াতে দেয়া যাবে না ‘








