সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার (৩০ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচজনের মধ্যে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে দু’জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে দু’জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দুইজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৯০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮ জন, সুনামগঞ্জে ৪০ জন, হবিগঞ্জে ৮৬ জন, মৌলভীবাজারে ২০ জন এবং অন্যান্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ছয়জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।








