গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে সিলেটে বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদী মশাল মিছিল বের হয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

মিছিলে বক্তারা বলেন, গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের উপর হামলা প্রমাণ করে ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসীবাহিনী। তারা আবারো খুন, গুম, ভয়ভীতি ও রক্তের রাজনীতি করে ক্ষমতায় ফিরতে চায়। সরকার ও প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে শান্তিপূর্ণ পদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে জুলাইয়ের ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করতে হবে। যাতে জনগণের আকাঙ্ক্ষার রাজনৈতিক দিকনির্দেশনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

ঘটনার পূর্বাভাস থাকলেও কেন প্রশাসন নিরাপত্তা দেয়নি এবং এটি প্রশাসনের অবহেলা কিংবা পক্ষপাতদুষ্ট আচরণের বহিঃপ্রকাশ কি না সে বিষয়ে প্রশ্ন তুলেন বক্তারা।