ঝালকাঠি প্রতিনিধি ও নলছিটি সংবাদদাতা
ঝালকাঠির নলছিটিতে বাড়ির পাশের রেইনট্রি গাছ থেকে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) উপজেলার রায়পুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রায়পুর গ্রামের হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫৩) ও ছেলে আসাদ মাঝি (৩৫)।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সকালে স্থানীয়রা মা ও ছেলেকে গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।’
এছাড়া এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না,’ বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তবে এলাকার একটি সূত্র বলছে, রুবি বেগমের ছেলে আসাদ মাঝির সাথে একই এলাকার বিবাহিত এক নারী পরকীয়া প্রেম ছিল। কিছুদিন আগে ওই নারী বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। পরে ওই নারীকে এনে দেয়ার জন্য তার ভাইয়েরা আসাদ ও তার পরিবারের ওপর নানাভাবে চাপ দেন। একইসাথে ভয়-ভীতি দেখান। পরে মা ও ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেন বলে ধারণা করেন নিহতের পরিবার।
এদিকে হানিফ মাঝি বলেন, ‘একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ রয়েছেন। তাদের দাবি, আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রেখেছে। এ কারণে তার ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছেন। পরে বিভিন্ন হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেন। এ কারণে আমার স্ত্রী ও ছেলে আত্মহত্যা করেন।’





