স্নাতক সম্মিলিত ফলাফল ৩.৬৮ অর্জন করে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

রোববার (২৫ মে) ইতিহাস বিভাগের প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, সাঈদ বিন হাবিব অনার্সের প্রথম বর্ষে সিজিপিএ পান ৩.৭৯, দ্বিতীয় বর্ষে ৩.৫০, তৃতীয় বর্ষে ৩.৬৯ এবং ৩.৬৯ অর্জন করেন চতুর্থ বর্ষে। স্নাতকে সম্মিলিত ৩.৬৮ ফলাফল অর্জন করে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, ‘সকল কৃতজ্ঞতা মহান আল্লাহ তায়ালার প্রতি, যিনি তার অফুরন্ত রহমত, দয়া, সাহায্যের মাধ্যমে আমাকে এই সম্মান অর্জনের তৌফিক দিয়েছেন। আমার পরম শ্রদ্ধেয় আব্বু-আম্মুর নিরন্তর দোয়া, সম্মানিত শিক্ষকদের অমূল্য পরামর্শ, আর প্রিয়জনদের অনুপ্রেরণা, উৎসাহ আমাকে সহায়তা করেছে। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে সরকারের অর্থায়নে পড়াশোনা করেছি। বাংলাদেশে পড়াশোনার খরচ হিসেবে নামমাত্র খরচে পড়াশোনা শেষ করেছি। সরকার এই অর্থের যোগান দিয়েছে বাংলাদেশের মেহনতি কৃষক, শ্রমিক, অসংখ্য দরিদ্র ভাই-বোনের ট্যাক্স এর টাকায়। সে হিসেবে পড়াশোনার শেষে আমি বাংলাদেশের সকল জনগণের কাছেও দায়বদ্ধ। আল্লাহ তায়া’লা আমাকে দিয়ে যেন এই প্রিয় মাতৃভূমির উপকারে কাজে লাগায় আল্লাহর কাছে সেই দোয়া করছি।’

তিনি বলেন, ‘কর্মজীবনে আমি যেন একজন সৎ, দুর্নীতিমুক্ত মানুষ হয়ে জীবিকা নির্বাহ করতে পারি এজন্যও আল্লাহর কাছে দোয়া করছি।’

তিনি আরো বলেন, ‘আমার রেজাল্ট অর্জনে অবশ্যই ছাত্রশিবির ভূমিকা পালন করেছে। আমার দায়িত্বশীল ভাইয়েরা সবসময় আমাকে ইন্সপায়ার করেছেন। বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্ব পালন করি বিধায় প্রায়শই অ্যাকাডেমিক কাজে আমাকে কাজ থেকে ছুটি দিয়েছেন। ভাইদের দোয়া, উৎসাহ ছিলও। সবমিলিয়েই আল্লাহ কবুল করেছেন।’