বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর ঠাকুরগাঁওয়ের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়ি থেকে তিন ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে জানা গেছে।

শুক্রবার (২৭ জুন) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের জাফরটলি গ্রামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এদিকে একই রাতে ইউনুস আলীর প্রতিবেশী মতিউর রহমানের বাড়িতেও চুরি হয় বলে জানা গেছে।

ইউনুস আলীর ভাই আশরাফুল ইসলাম বলেন, চোর তিনটি ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। চুরির সময় বাবার ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়া হয়েছিল। পরে সকালে প্রতিবেশীদের ফোন করে ডেকে আনলে তারা দরজা খুলে দেয়।

ইউনুস আলীর বাবা জানান, ফজরের নামাজের সময় ঘর থেকে বের হতে না পেরে ডাকাডাকি শুরু করলে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি জানতে পারেন। চোর তিন ভরি স্বর্ণ, ছোট ছেলে আশরাফুলের লক্ষাধিক টাকাসহ ইউনুসের আলমারিতে থাকা কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। কিছু কাগজপত্র গেটের বাইরেও ফেলে গেছে। বর্তমানে ইউনুস ঢাকায় রয়েছে।

এদিকে ইউনুস আলীর প্রতিবেশী মতিউর রহমান বলেন, আমার বাড়ির শোকেস ও ট্রাঙ্ক থেকেও নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে। বাইরে ফেলে যাওয়া কাগজপত্র দেখে প্রথমে ইউনুস আলীর বলে মনে করলেও পরে দেখতে পাই সেগুলো আমাদেরই কাগজপত্র।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘পুলিশ দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা আজ সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেবেন। আমরা চুরির ঘটনা তদন্ত শুরু করেছি।’