তিস্তা মহাপরিকল্পনা, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লালমনিরহাট বিমানবন্দর চালু, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু, বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নতকরণ ও জুলাই গণহত্যার বিচার ও সংস্কার কাজ দ্রুত শেষ করাসহ একাধিক দাবিতে আগামীকাল সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা।
শনিবার (১৯ এপ্রিল) জেলার কালেক্টেড মাঠে বেলা ১১টায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান।
শুক্রবার (১৮ এপ্রিল) সমাবেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সমাবেশ মাঠে সংবাদ সম্মেলন করেন লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
এদিকে জেলায় জামায়াতের কেন্দ্রীয় আমিরের প্রথম সমাবেশ হওয়ায় জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পোস্টারিং ও মাইকিংয়ে গণসংযোগ করেছে জামায়াতসহ এর বিভিন্ন অঙ্গসংগঠন।
সমাবেশে লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও মাহবুবুর রহমান বেলাল।
এ সময় লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত সদস্য প্রার্থী মো: আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনের জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট সদর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা হারুন-অর রশিদ বক্তব্য দেবেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের বলেন, ‘লালমনিরহাট জেলা বিগত সকল সরকারের আমলেই উন্নয়ন বঞ্চিত হয়েছে। জেলার সর্বোচ্চ উন্নয়নের জন্য কাজ করবে জামায়াতে ইসলামী।’











