বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ‘স্বাধীনতা পরবর্তী উন্নয়নের প্রকৃত রুপকার এবং স্বনির্ভর আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।’
বুধবার (২১ মে) বিকেল ৪টার দিকে দিরাই স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে গত সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ফুটবল টুর্নামেন্টের আয়োজক অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
এনামুল হক চৌধুরী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্র নায়ক, উন্নয়নের রাজনীতির প্রবক্তা। তিনি ছিলেন সততা ও নিষ্ঠার প্রতীক। মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বের সাথে সম্মুখযুদ্ধে লড়াই করেছেন, দেশের ক্রান্তিলগ্নে দেশের দায়িত্ব নিয়ে সৃষ্টি করেছেন ইতিহাস। সেই ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শহীদ জিয়ার আদর্শের সৈনিক দিরাই এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল কর্তৃক যুবসমাজকে সুস্থ বিনোদন উপহার দিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য। তার এই ধরণের কাজ আগামীতে অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।’
তিনি দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দীন চৌধুরীর প্রশংসা করে বলেন, ‘নাছির চৌধুরীর মতো প্রবীণ নেতাদের প্রচেষ্টায় অত্র এলাকা বিএনপির দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে। শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সুসংগঠিত। আমরা সবাই মিলে আমাদের প্রিয় সংগঠনকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের প্রথম যুগ্ম-আহ্বায়ক (সদস্য সচিব) লিপন হাসান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, সোয়েব হাসান, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, মঞ্জু মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার ও উপজেলা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি এহিয়া চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে জাতীয় ও দলীয় সংগীতের মধ্যদিয়ে ফিতা কেটে টুর্নামেন্টর উদ্বোধন করেন প্রধান অতিথি।
টুর্নামেন্টের আয়োজক পাবেল চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর আমরা আবার নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি, সুন্দর পরিবেশ পেয়েছি। সুস্থ রাজনীতি, সংস্কৃতির উর্বরভূমি আমাদের ভাটি অঞ্চলের যুব ও ছাত্রসমাজকে সুস্থ বিনোদন উপহার দিতেই দিরাই শাল্লায় আমার এ ক্ষুদ্র প্রয়াস। আজ যেভাবে প্রিয় দিরাইবাসীর সর্বস্তরের জনগণের সহযোগিতা পেয়েছি। আগামীকাল শাল্লায় সবার সহযোগিতা পাবো এ আমার বিশ্বাস। আমরা সবাই মিলে সুস্থ বিনোদন উপভোগ করবো। আগামীতেও শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বিনোদনমুলক কাজ অব্যাহত থাকবে।’
এসময় তিনি প্রধান অতিথিসহ মাঠে উপস্থিত সবাইকে তাদের সহযোগিতার জন্যে ধন্যবাদ জানান।








