আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে পুকুর থেকে শফিকুল ইসলাম শফি (৫৮) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা সদরের আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে জনৈক আব্দুর রশিদ নামের এক ব্যক্তির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত শফিকুল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দাড়িকুড়ি গ্রামের মরহুম জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল দীর্ঘদিন যাবৎ জনৈক আব্দুর রশিদের পুকুরের মাছ দেখাশুনার জন্য পুকুরের পাড়ে টিনের ছাউনীর একটি ঘরে রাত্রি যাপন করতেন। রাতের কোনো এক সময়ে ঘর থেকে বের হয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে পুকুরের পানিতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।