চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীর (শান্তি বাহিনী) অপহরণ করা দুই যুবককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (১৩ জুন) বিকেলে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার দু’জন হলেন- উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো: হারুনের ছেলে নোমান (২০) ও তার ছোট ভাই মাঈম (১৫)।
জানা যায়, শুক্রবার সকালে ওই এলাকার হজারুন ও তার দুই ছেলে পাহাড়ে নিজেদের লেবু বাগানে কাজ করার সময় একদল পাহাড়ী সন্ত্রাসী তাদের অপহরণ করে। পরে তাদের আরো গহীনে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় অপহৃত দুই ভাইকে আটকে রেখে টাকার জন্য বাবাকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। পরে বিষয়টি সেনা ক্যাম্পে অবহিত করলে
কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে ৩৬ জনের একটি টহল টিম অভিযানে বের হয়।
এদিন বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত একটানা পাহাড়ি এলাকা সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি, ছইল্লাছরিনসহ ১৮-২০ কিলোমিটার এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসীদের আস্তানা তিন দিক থেকে ঘেরাও করা হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহৃত দুই ছেলেকে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সন্ধায় অপহৃতদের পরিবারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।








