ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে বিভিন্ন রুটের অতিরিক্ত যানবাহন চলাচল করছে। কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি না হলেও যানবাহনগুলো চলাচলে ধরিগতি দেখা দিয়েছে। গরুবোঝাই ট্রাক, তিন চাকার ছোট যানবাহন ও মহাসড়কের কয়েকস্থানে বাস অকেজো হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই তা নিরসন হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীর ভিড় বাড়তে থাকে। মহাসড়কের বিভিন্ন জায়গায় সড়কের ওপর গাড়ি দাঁড়িয়ে যাত্রী তোলায় যানবাহনের গতি কমতে শুরু করে। ফলে হালকা যানজটের সৃষ্টি হচ্ছে। অনেকে ঝুঁকি নিয়ে বিকল্পভাবে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। কেউ কেউ খোলা ট্রাক, পিকআপ ভাড়া নিয়ে রওনা হয়েছেন। এভাবে অনেক নারী ও শিশুকেও যাত্রা করতে দেখা গেছে।
এমন একটি পিকআপের যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, দেশের বাড়ি মাগুড়া যেতে হবে। সকালে কাউন্টারে গিয়ে টিকিট পাইনি। নারী, শিশুদের নিয়ে ভীড় বাসে উঠা এবং যাওয়া কষ্টকর। তাই বাধ্য হয়ে আমরা তিনটি পরিবারের ১৬ জন লোক পাটুরিয়া পর্যন্ত পিকআপ ভাড়া করে যাচ্ছি।
বাসচালক আসলাম বলেন, আজ সকাল ৭টায় গাবতলী থেকে রওনা হয়ে পাটুরিয়া আসতে সময় লেগেছে তিন ঘণ্টা। মহাসড়কের সাভার, নবীনগর, নয়াডিঙ্গী, মানিকগঞ্জ, বানিয়াজুরী ও বরংগাইল স্টেশনে কিছুটা জ্যাম ছিল।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, আজ ভোর থেকেই অনেক গাড়ির সারি ছিল, কিন্তু যানজট ছিল না। গাড়িগুলো ধীরগতিতে চলছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। বিকালের দিকে পরিস্থিতির উন্নতি হবে।





