শরিফুজ্জামান, লোহাগড়া (নড়াইল)
নড়াইলের লোহাগড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক মো: জাহাঙ্গীর শেখ (৬২) ও তার ছেলে নাহিদ শেখ (২৬) খুন হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের একটি বিলে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর শেখ উপজেলার বাহিরপাড়া গ্রামের মরহুম মজিদ শেখের ছেলে এবং মো: নাহিদ শেখ নিহত জাহাঙ্গীর শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর শেখের সাথে জমি নিয়ে একই গ্রামের মো: মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার জাহাঙ্গীর শেখ কয়েকজন শ্রমিক নিয়ে ওই বিরোধপূর্ণ জমির পাট কাটতে যান। পাট কাটার খবর পেয়ে প্রতিপক্ষ মান্দার শেখের নেতৃত্বে কবির শেখসহ ৮/১০ জন ওই জমিতে উপস্থিত হয়ে জাহাঙ্গীরকে পাট কাটতে নিষেধ করেন। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মাঝে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে প্রতিপক্ষ মান্দার শেখের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহাঙ্গীর শেখকে হত্যা করে।
এ সময় জাহাঙ্গীর শেখের ছেলে নাহিদ শেখ ও কৃষি শ্রমিক নয়ন হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত নাহিদ শেখের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে বিকেলে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত কৃষি শ্রমিক নয়নকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, ‘বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে কবির শেখকে (৪৬) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’








