বদলির আদেশ অমান্য করে দায়িত্বে বহাল থাকায় ফেনীর সোনাগাজী উপজেলা প্রকৌশল বিভাগের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সোনাগাজীর উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদকে বদলির ১১ দিন পর অব্যাহতি দিলেও তিনি এখনো দায়িত্ব ছাড়ছেন না। ফলে নতুন প্রকৌশলী দায়িত্ব বুঝে পাননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ এপ্রিল এলজিইডির এক আদেশে মোজাহিদকে লক্ষ্মীপুরের কমলনগরে বদলি করা হয় এবং চাঁদপুরের মতলব উত্তরের উপজেলা সহকারী প্রকৌশলী মো: মনির হোসেনকে সোনাগাজীতে বদলি করা হয়। মনির হোসেন ১৬ এপ্রিল যোগদান করলেও মোজাহিদ দায়িত্ব হস্তান্তর করেননি। পরবর্তীতে ২২ এপ্রিল এলজিইডির ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো: মাহমুদ আল ফারুক মোজাহিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

সদ্য যোগদান করা মো: মনির হোসেন জানান, ‘দায়িত্ব না পাওয়ায় তিনি কার্যক্রম শুরু করতে পারছেন না।’

এ ব্যাপারে প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ জানান, ‘তিনি বদলির আদেশ সংশোধনের চেষ্টা করছেন।’

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক জানান, ‘মোজাহিদকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’