মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে শুটার মান্নান হত্যা মামলার পলাতক আসামি আজিজুর রহমান ওরফে পলাশ গাজীকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (৯ আগস্ট) ভোর ৬টার দিকে গজারিয়া থানা পুলিশের একটি টিম নৌপুলিশের সহযোগিতায় ষোলআনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তিনি ষোলআনি এলাকার মো: শাহ আলমের ছেলে। তল্লাশির সময় আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার কাছ থেকে অস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

এছাড়া গ্রেফতার আসামির বিরুদ্ধে গজারিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।