জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ ও কবর জিয়ারত’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট জেলার বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন, শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন জেলা জামায়াত নেতৃবৃন্দ।

এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমির হাফেজ আনওয়ার হোসাইন খানের নেতৃত্বে সফরকারী টিমে উপস্থিত ছিলেন—সিলেট জেলা জামায়াত সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা যুব বিভাগের সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিলেট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, গোলাপগঞ্জ উপজেলা আমির আব্দুল আজিজ জামাল, পৌরসভা আমির রেহান উদ্দিন রায়হান, বিয়ানীবাজার উপজেলা আমির মাওলানা মোস্তফা উদ্দিন ও পৌরসভা আমীর মাওলানা জমির হোসাইন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দেশবাসীকে মুক্তির মিছিলে একত্রিত করেছিল। জুলাইয়ের প্রতিটি স্মৃতিচিহ্ন যুগে যুগে মুক্তিকামী মানুষকে প্রেরণা জোগাবে। তাই জুলাই আন্দোলনের প্রতিটি স্মৃতিচিহ্নকে সংরক্ষণ করতে হবে।’

তারা আরও বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদেরা আমাদের সম্পদ। দোয়া করি মহান আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’