হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের ‘রথযাত্রা’ উৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহে পুলিশ প্রশাসনের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও।
দিনটি উদযাপন উপলক্ষে ও সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়।
সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৭৭ ব্রিগেডের উদ্যোগে সেনাবাহিনীর সদস্যরা ময়মনসিংহ সদর এলাকায় নিরাপত্তা কার্যক্রমে অংশ নেন। অন্যান্য সময় ও দিনের মতো রথযাত্রায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই কঠোর অবস্থানে ছিল সেনাবাহিনী। সেনা সদস্যরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, শুক্রবার বিকেল ৪টায় ময়মননিংহ নগরীর বণিক সম্প্রদায়ের লোকেরা রঘুনাথ জিওর আখড়া, জুবলীঘাট মন্দির থেকে বড় বাজার রোড পর্যন্ত রথযাত্রা হয়। ওই রথযাত্রায় প্রায় ২০ হাজার হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ ইসকন সম্প্রদায়ের লোকেরাও দুর্গাবাড়ী থেকে শুরু করে জুবলীঘাট, রেলির মোড়, গাঙ্গীনাপাড়, নতুন বাজার, টাউন হল মোড়, কাচিঝুলি হয়ে জয়নাল আবেদীন পার্ক পর্যন্ত ফিরতি রথযাত্রা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করে। ফিরতি রথযাত্রা অনুষ্ঠানে প্রায় ৪০ হাজার লোক অংশ নেয়। পরে ধর্মীয় উৎসব উপলক্ষে জয়নাল আবেদীন পার্কে একটি মেলার আয়োজন করা হয়।








