মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী জিয়াউল হক মুরাদ ও তার স্ত্রী সোনিয়াকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি কাজীপাড়া জিয়াউল ইসলাম মুরাদের বাড়িতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুরাদ বালুয়াকান্দির কাজীপাড়ার মরহুম ইকরামূল হকের ছেলে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী মুরাদ এলাকায় দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে। এতে যুবসমাজ অন্ধকার পথে চলে যাচ্ছে। পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানিয়ে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

গজারিয়া থানার (ওসি) মো: আনোয়ার আলম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযানে পাঠানো হয়। মাদক কারবারি মুরাদ ও তার স্ত্রীকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, মুরাদের বিরুদ্ধে গজারিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে মামলা হয়েছে।