ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রফতানিসহ বন্দরে অভ্যন্তরীণ সব কার্যক্রম চালু হচ্ছে আগামীকাল সোমবার।

রোববার (১৫ জুন) সন্ধ্যায় জেলা পাথর আমদানিকারক গ্রুপের বরাত দিয়ে দৈনিক নয়া দিগন্তকে এই তথ্য নিশ্চিত করেছেন তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল। তবে আমরা সরকারি খোলার দিন রোববার থেকেই স্থলবন্দর চালু করেছি। যদিও এদিন আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়নি।

তামাবিল স্থলবন্দর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ভারতের সাথে গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। সরকারি ঘোষণা অনুযায়ী রোববার (১৫ জুন) স্থলবন্দর চালু হলেও জেলা আমদানিকারক গ্রুপের ঘোষণা অনুযায়ী আমদানি-রফতানি কার্যক্রম আগামীকাল সোমবার থেকে চালু হবে।