ঠাকুরগাঁও সীমান্ত থেকে মো: আজিজুর (৪৫) নামে এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৪ মে) দুপুরে জেলার রানীশংকৈলের ধর্মগড় বিওপির সীমান্ত পিলার ৩৭৩/১-এস এলাকায় ঘাস কাটার সময় তিনি বিএসএফ’র হাতে অটক হন।

জানা গেছে, আজিজুর রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা মরতুজা আলীর ছেলে।

বিজিবি ও এলাকাবাসি সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের চার বাংলাদেশী সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা ওই চারজনকে আটকের চেষ্টা করে। পরে তিনজন দ্রুত পালিয়ে আসতে সক্ষম হলেও একজনকে আটক করে বিএসএফ। আটক ব্যক্তির নাম মো: আজিজুর।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, ‘চার বাংলাদেশী নাগরিক সীমান্তে ঘাস কাটতে গিয়ে অসাবধানতা বশত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে গেলে বিএসএফ একজনকে আটক করে নিয়ে যায়। সংবাদ পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে বিএসএফ’র সাথে যোগাযোগ করি এবং বিকেলেই তাদের ব্যাটালিয়ন কমান্ডার সত্যেন্দ্রনাথের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা সর্বাত্মক চেষ্টা করছি আটক বাংলাদেশীকে ফেরত আনতে।’