জামালপুরের মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রাশেদ জাহিদী রোমানকে (৫৮) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়।
গ্রেফতার রাশেদ জাহিদী রোমান মেলান্দহ পৌর এলাকার চাকদহ গ্রামের মরহুম আসাদুজ্জামানের ছেলে ও মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র শফিক জাহেদী রবিনের ভাই।
পুলিশ জানায়, শনিবার (৫ এপ্রিল) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাসার সামনে থেকে রাশেদ জাহিদী রোমানকে গ্রেফতার করা হয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত বছরের ২৯ অক্টোবর মেলান্দহে নাশকতার একটি মামলায় রাশেদ জাহিদী রোমানকে গ্রেফতার করা হয়েছে।’
মেলান্দহের প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারে মেলান্দহ ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





