জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস বলেছেন, ‘এদেশের ইসলামপন্থী ও সাধারণ জনগণের বিশাল এক আত্মত্যাগের মাধ্যমে ৫ আগস্ট যে স্বাধীনতা পেয়েছি তা আমাদের ভুলে গেলে চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এ স্বাধীনতার সুফল ভোগ করতে হবে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের এ দ্বিতীয় স্বাধীনতা ও ছাত্র-জনতার রক্ত বিফলে যাবে।’
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে জেলা কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রর্থী মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি।
এছাড়া অন্যদের মধ্যে জুলাই আগস্টের উপর বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খিদির আব্দুস ছালাম, মাওলানা মো: হেমায়েত উদ্দিন, মোহাম্মদ আখতার হোসেন, মোহাম্মদ আহসানুল্লাহ মন্ডল, মোহাম্মদ মজিবুর রহমান, পৌর আমির মাওলানা এইচ এম বাইজিদ, মীরকাদিম পৌরসভার আমির মাওলানা গোলাম জিলানী, সদর উপজেলা আমির মোহাম্মদ নুরুল আমিন সিকদার, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মজনু দেওয়ান, মুন্সীগঞ্জ পৌরসভার সেক্রেটারি মোহাম্মদ উজ্জল হোসেন প্রমুখ।
এদিকে জেলা আমিরের দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে শেষ হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।








