‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।’ এই স্লোগানকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে মাদকমুক্ত সমাজ ও পরিবার গঠনের অঙ্গীকার করেছেন এলাকাবাসী।
শুক্রবার (২৭ জুন) বিকালে ‘আলোর পথ’ নামক মাদক প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন সংগঠনের আয়োজনে ঠাকুরগাঁও শহরের ১ নম্বর পৌর ওয়ার্ডের মুসলিম নগর-মাদরাসাপাড়ার সর্বস্তরের জনগণকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত সকলে এই অঙ্গীকার করেন।
বিশিষ্ট আলেম মাওলানা ইয়াকুব খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সালন্দর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান ত্বোহা, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, সাবেক পৌর কাউন্সিলর হামিদুল্লাহ আল মামুন, মাওলানা ফজলে রাব্বি মোর্তুজাবী, সহকারী অধ্যাপক শরিফুল আলম বেলাল, মতিউর রহমান।
আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকমুক্ত সমাজ ও পরিবার গঠনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সেই সাথে মাদকসেবীদের দ্রুত সংশোধন হয়ে যাওয়ার হুশিয়ারি দেন। অন্যথায় এলাকাবাসী তাদের ধরে ধরে আইনের কাছে সোপর্দ করবেন।
সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদকে সভাপতি ও মতউর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়।








