নোয়াখালীর সোনাইমুড়ী থেকে নিখোঁজের তিন দিন পর এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো: রনি (১৭) নামে আরেক মাদরাসা ছাত্রকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে একই এলাকার রুহুল আমিন ড্রাইভারের পুকুর তেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাহাদাত হোসেন সজিব (১৪) একই ইউনিয়নের কাশিপুর গ্রামের লস্কর বাড়ির মরহুম শওকত আলীর ছেলে এবং স্থানীয় কাশিপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা য়ায়, গত রোববার থেকে নিখোঁজ হয় সজিব। তার বাড়ির সামনে থাকা একটি রিকশা গ্যারেজের সিসি টিভির ফুটেজে দেখা যায়, সজিব নিজ বাড়ির সামনে থেকে নৌকায় করে তাদের বাড়ির রনিসহ রুহুল আমিন ড্রাইভারের বাড়ির পাশে বাগানে বক পাখি ধরতে যায়। তাদের যাওয়ার পৌনে ৩ ঘণ্টা পর একই ফুটেজে দেখা যায় রনি একা বাড়িতে ফিরে আসে।

আরো জানা যায়, খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। তবে সেখানে সজিবের কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। পরে বুধবার ভোররাতের দিকে স্থানীয়রা একই এলাকার রুহুল আমিন ড্রাইভারের পুকুরে সজিবের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্র রনিকে আটক করে পুলিশ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ‘একই বাড়ির দুই বন্ধু এক সাথে বাড়ির পাশের একটি বাগানে বক ধরতে যায়। এরপর রনি গাছে উঠে। তখন সজিব গাছের নিচে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে রনি গাছ থেকে নেমে বাড়ি চলে আসে। সজিবকে খোঁজাখুঁজি করে না পেলেও রনি তার সাথে সজিবের পাখি ধরতে যাওয়ার বিষয়টি পরিবারকে জানায়নি।’