খুলনায় মাদক কারবারের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (১৮ মে) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝাপঘাট গ্রামের বাসিন্দা শেখ হাসান আলী ও একই থানার লোহাকুড়া গ্রামের বাসিন্দা মো: জাহিদুল হাসান।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের ২২ জুন হরিণটানা থানা পুলিশের একটি টিম খুলনা সিটি বাইপাসের সামনে একটি ট্রাকে তল্লাশি করে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকচালক জাহিদুল ও সাথে থাকা হাসান আলীকে আটক করা হয়। পরে ফেন্সিডিলগুলো ভারতের এক ব্যক্তির কাছ থেকে কিনে বরিশাল জেলার বকুলতলা এলাকার শাহ আলমের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান তারা। এ ঘটনায় ওই দিন হরিণটানা থানায় মামলা করেন এসআই সাজ্জাদুর রহমান। পরে একই বছরের ২১ সেপ্টেম্বর তাদের দু’জনকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দাখিল করে পুলিশ।