সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা মেরামতের সময় চাকা ফেটে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ওসমানী বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিয়মিত মেরামত কাজ করার সময় কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী।
এর সত্যতা নিশ্চিত করে ওসমানী বিমানবন্দরের ব্যাবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘এটি ছিল রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের দুজন কর্মী কাজটি করার সময় দুর্ঘটনার শিকার হয়ে আহত হন। তাদেরকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং ওসমানী মেডিক্যাল আইসিইউ না থাকায় তাকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক দুর্ঘটনা।’








