রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গ্রেফতার আলতাফ হোসেন কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের মরহুম ফরিজল ইসলামের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগ নেতা।
এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে নগরীর কামালকাছনা খাঁন পট্টির আমিন গার্ডেন নামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর মহানগর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, আলতাফ হোসেনের নামে গেল বছর বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ১৯ জুলাই নগরীর সিটি বাজার এলাকায় হামলা ও হত্যাচেষ্টা মামলায় গুলিবিদ্ধ ও জখম অবস্থায় শাহ আলম মিয়ার করা হত্যাচেষ্টা মামলা আছে। ওই মামলার ৬০ নম্বর এজাহার নামীয় আসামি তিনি। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর জানান, হত্যাচেষ্টা মামলার আসামি আলতাফ হোসনকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হলে তাকে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রংপুরে মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, আলতাফ হোসেন ৫ আগস্টের পর পরই পালিয়ে গেলেও কিছুদিন আগে নগরীতে এসে গোপনে ওই বাসায় থাকতেন। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছত্রছায়ায় বৈষম্যবিরোধী আন্দোলন প্রতিহতে আলতাফ অর্থ যোগানদাতা, পরিকল্পনা এবং সরাসরি হামলায় অংশ নেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।








