নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় মাটি খোঁড়ার সময় মাটিচাপায় আরাফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় রাকিব, হৃদয় ও সোহেল নামে আরো তিনজন আহত হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ফতুল্লা ইউনিয়ন পরিষদ-সংলগ্ন দৃপ্তি ডাইংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, দৃপ্তি ডাইংয়ে চার শ্রমিক মাটি খোঁড়ার কাজ করছিলেন। তারা নিরাপত্তা ব্যবস্থা না করেই মাটি খুঁড়ে প্রায় ১০ ফিট গভীরে চলে যান। এ সময় একপাশের মাটি ও ইটের দেয়াল চার শ্রমিকের ওপর পড়ে যায়। তখন ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহত শ্রমিকের লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত ও আহত শ্রমিকদের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।