ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং যুব উন্নয়ন অধিদফতর, জেলা ক্রীড়া অফিস ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে সিলেট নগরীর ক্বীন সেতু থেকে ম্যারাথনটি শুরু হয়।
ম্যারাথনটি নগরীর মধুবন মার্কেট চত্বর, জিন্দাবাজার পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা পয়েন্ট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্বীন সেতু চত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে সকাল ৭টার দিকে ক্বীন সেতু চত্বরের আকাশে রং-বেরঙের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
পরে ৩৬ জুলাই স্মরণে প্রতীকী ম্যারাথনে ১ম হতে ৩৬তম স্থান অধিকারী রানারদের মেডেল ও সনদপত্র দেয়া হয়। একইসাথে আহত ও শহিদ পরিবারের সদস্যদের মেডেল ও সনদপত্র দেয়া হয়। এছাড়া ম্যারাথনে অংশ নেয়া সকল রানারকে সনদপত্র দেয়া হয়।
এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো: আল-জুনায়েদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, সিলেট সিটি করপোরেশনের সচিব মো: আশিক নূর, যুব উন্নয়ন অধিদফতর সিলেটের উপ-পরিচালক মো: ফখরুজ্জামান, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: নূর হোসেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ড. মো: এনামুল হক চৌধুরী, ওয়ারিয়র্স অব জুলাই সিলেট জেলার আহ্বায়ক রেদওয়ান রাফী, সাহাজ উদ্দিন টিপু, অ্যাডভোকেট মো: আজিম উদ্দিন, আখতার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জেলা প্রশাসন সিলেট, সিলেট সিটি করপোরেশন, জেলা পরিষদ সিলেট, সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনের সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ, সিলেট জেলা ফুটবল রেফারিবৃন্দ, বিভিন্ন ডিসিপ্লিনের কোচবৃন্দ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, যুব উন্নয়ন অধিদফতর সিলেট, তথ্য অফিস সিলেট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র সিলেট ইউনিট, বিভিন্ন সরকারি দফতরসহ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতীকী ম্যারাথন শুরুর আগে গণঅভ্যুত্থানে হওয়া শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। ম্যারাথন পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ স্মৃতিচারণ করেন।








