বি‌ভিন্ন মোবাইল আ‌্যাপ‌সের মাধ‌্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প‌রিকল্পনার অভিযোগে ময়মনসিংহের জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপ‌তি অধ‌্যক্ষ মনোয়ার হোসেন খান মিনার‌কে মেজর জায়েদের নেতৃত্বে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২৫ জুন) দুপুরে সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামবাবু রোডস্থ ক‌্যা‌পিটাল কলেজ ক্যাম্পাস থেকে ত‌া‌কে আটক করা হয়।

অভিযানের পর ‌এক জরুরি প্রেস ব্রিফিংয়ে মেজর জায়েদ সাংবা‌দিক‌দের জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। অধ্যক্ষ মিনারের মোবাইল ডিভাইস বিশ্লেষণে আমরা বি‌ভিন্ন ষড়য‌ন্ত্রের প‌রিকল্পনার তথ‌্য পে‌য়ে‌ছি।

তি‌নি ব‌লেন, ‘দেশের স্থিতিশীলতা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। যারা নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চলবে।’

মেজর জায়েদ আরো জানান, ময়মনসিংহে আওয়ামী লী‌গের রাজনী‌তি‌তে একজন স‌ক্রিয় নেতা অধ্যক্ষ মিনার। তিনি এখনো বিভিন্ন জ‌নের সা‌থে রাজনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নিযুক্ত আছেন। তিনি বিশ্বাস করেন, মিনারের সাথে জড়িত নেটওয়ার্কের অন্য সদস্যদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।’

অভিযানে অংশ নেয়া ক্যাপ্টেন রুবাইত সেনাবাহিনীর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা দেশ ও জনগণের জন্য আমৃত্যু কাজ করে যাব। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে সেজন্য সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।’

সেনাবাহিনীর একাধিক সূত্র জানায়, আটক অধ‌্যক্ষ মনোয়ার হোসাইন খান মিনার বিভিন্ন অ্যাপস (যেমন এনক্রিপটেড মেসেঞ্জার ও গোপন চ্যাটিং প্ল্যাটফর্ম) ব্যবহার করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন এবং তাদের সংগঠিত করে রাজনৈতিক উদ্দেশ্যে গোপন হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

সেনাবাহিনীর সদস্যরা তার মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে তল্লাশি চালালে ষড়যন্ত্রের একাধিক প্রমাণ মেলে। পরে তাকে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।