ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুল ছেঁড়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাত পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদিকে পুনরায় সংঘর্ষের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে ওই এলাকার শিক্ষা-প্রতিষ্ঠান।
বুধবার (২৫ জুন) সংঘর্ষ এড়াতে সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৪ জুন) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১০-১২ দিন আগে মহাজনবাড়ি ও সরকার বাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেয়া হয়। গতকাল বিকেলে আবারো বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দুই গোষ্ঠীর মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় স্থানীয় মহাজন বাড়ির নরুল হকের ছেলে ইয়াছিন পাশের একটি কবরস্থান থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসে। এরপর সরকার বাড়ির ফাইজুর রহমানের ছেলে আসিফ স্কুলের আঙিনা থেকে একটি ফুল ছিঁড়ে। এ সময় ফুল ছেড়া নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের সময় হাতাহাতি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী।
সংঘর্ষে মহাজন বাড়ির পক্ষে মোল্লা বাড়ি ও আছিরের বাড়ি এবং সরকার বাড়ির পক্ষে জাকির মিয়ার বাড়ি অংশ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অত্যন্ত ২৩ জন আহত হন। এ সময় উভয় পক্ষের বেশ কিছু দোকানপাট, বাড়িঘর ভাঙচুরসহ নিরপেক্ষ অলি মিয়া সাহেবের একটি বাংলোতে আগুন দেয়া হয়।
অলি মিয়ার নাতি আফসার উদ্দিন জুয়েল আগুনে অন্তত ৩০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমাদের পরিবারের সবাই ঢাকায় থাকে। আমরা এলাকার কোনো দলাদলির সাথে সম্পৃক্ত নেই। কিন্তু সংঘর্ষে লিপ্ত লোকজন আমাদের ঘরে কেন আগুন দিয়েছে তা বোধগম্য নয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ইটপাটকেলের আঘাতে তাদের ব্যবহৃত সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সাতজন পুলিশ সদস্য আহত হন।
এদিকে সংঘর্ষের কারণে এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানা গেছে। পরে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খাইরুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারো সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’








