বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি তাদের কোনোভাবেই ছাড় দিবে না। কমিটি দেয়ার আগে ঠিকভাবে যাছাইবাছাই করে দিবেন। আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি দিবেন আর তারাই এসে হুমকি-ধামকি দিবে এটা জনগণ মেনে নিবে না।’
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান তালুকদার বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সেখানে কোনো চোর-বাটপার বা কোনো ফ্যাসিস্ট এমপি-মন্ত্রী হতে পারবে না। যারা মন্ত্রী হবে তারা হবেন জনগণের মন্ত্রী। ভালো মানুষ হবেন তারা।’
আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় বিএনপির এ নেতা বলেন, ‘২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে তারা দিনের ভোট একদিন আগে রাতেই করেছেন। আবার ২৪ সালে সকল নির্বাচনকে হার মানিয়ে ইচ্ছে মতো ডামি নির্বাচন করে সরকার গঠন করেছেন। যে কেন্দ্রে ৩ হাজার ভোট আছে, সেই কেন্দ্রে ৪ হাজার ভোটও বাক্সে ভরে রেখেছেন। কিন্তু দেখেন সেই দলের নেতারাই আজ দেশ ছাড়া হয়ে গেছেন। আগামী নির্বাচনে বিদেশে বসে আপনারা শুধু দেখবেন আর আফসোস করবেন। আর জনগণ হাসিমুখে ভোট দেবে এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করবে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি গায়ের জোড়ে, ব্যালটে সিল মেরে, ব্যালট পেপার ছিনতাই করে বিনা ভোটে জয়ী হতে চায় না। জনগণের সমর্থন, ভালোবাসা আর দোয়া নিয়ে আমরা জনপ্রতিনিধি হতে চাই। আওয়ামী লীগের মত কারচুপি নির্বাচন আমরা কখনোই আর চাই না।’
ঝাউদি ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা মালেক আকনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ।








