দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার দেবিদ্বারে ‘অর্থনৈতিক মুক্তি ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে রাসূলুল্লাহ সা:-এর শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সীরাত উদযাপন কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। প্রধান আলোচক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম।

সেমিনারে রাসূলুল্লাহ সা:-এর শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তব্যরা আগামীতে ইনসাফের রাষ্ট্র গঠনে আল্লাহ তায়ালা ও রাসুল সা:-এর দেয়া ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান।

সেমিনারে জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, দেবিদ্বার ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানান তাজুল ইসলাম, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা সরকার, বাঙ্গরা বাজার উপজেলা আমির মাস্টার আব্দুর রহীম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেবিদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা ও উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা সেমিনারে অংশ নেন।