গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনীতে বিদেশী পিস্তল গুলি ও ম্যাগজিনসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এদিন ভোর রাত ৪টা থেকে সেনাবাহিনীর একটি টিম তার বাড়ির চারপাশ ঘেরাও করে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সেনাবাহিনীর দলটি বাড়িতে অভিযান চালায়।
লাল্টু বিশ্বাস গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামের আক্কাছ বিশ্বাসের ছেলে।
সেনাবাহিনী জানায়, মেহেরপুর সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন রওশন ও লে: মিনহাজের নেতৃত্বে একটি টিম অভিযানে অংশ নেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, যানবাহনে ছিনতাই, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। আগ্নেয়াস্ত্র আইনে মামলা দিয়ে লাল্টু বিশ্বাসকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।





