নীলফামারীর সৈয়দপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে ভুট্টু (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় ধানক্ষেতে তার লাশের সন্ধান পায় পরিবার।
নিহত কৃষক ভুট্টু পূর্ব বেলপুকুর গ্রামের মরহুম মতিয়ার রহমানের ছেলে।
নিহতের স্ত্রী লাভলী বেগম বলেন, বাড়ি থেকে কিছুটা দূরে আমাদের নিজেদের রোপা আমন ক্ষেত আছে। আমার স্বামী দুপুরে ওই ক্ষেতে একা কীটনাশক সার ছিটানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার মৃত্যু হয়। সন্ধ্যার পরও তিনি বাড়িতে না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুট্টুর লাশ উদ্ধার করে দাফনের প্রস্তুতি চলছে।
















