দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী।

উদ্বোধন শেষে নগরীর সোনাদিঘি মোড়সহ বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার। এ সময় নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হওয়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এ সময় মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রাসিক যথাযথভাবে কাজ করে যাচ্ছে। তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় ফগার স্প্রে, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।’

তিনি আরো বলেন, ‘ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত সহযোগিতায় ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তোলা সম্ভব হবে।’

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমান আরা বেগম উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাসিকের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।