মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাওঁ গ্রামে স্ত্রীকে খুন করে তিন সন্তান নিয়ে উধাও হওয়ার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তাকে মাদারীপুর জেলার সদর থানার ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে র‌্যাব-১১।

ঘাতক রুবেল লস্কর (৪৫) মাদারীপুর জেলার লাজৈর থানার মহিষমারি এলাকার ফজল লস্করের ছেলে।

তাকে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হবে বলে টঙ্গিবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে।

এর আগে গত ৬ এপ্রিল টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার হানিফ মালের (৩৮) বসত বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। গত ৭ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা করেন।

র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ এপ্রিল হতে নিহতের স্বামী ঘাতক রুবেল লস্কর (৪৫) তার স্ত্রী ও তিন সন্তানদের নিয়ে উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হানিফ মালের (৩৮) বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। পারিবারিক বিষয় নিয়ে রুবেল লস্করের সাথে তার স্ত্রী মাহমুদা বেগমের (৩৮) সাথে ঝগড়া-বিবাদ হয়। ৬ এপ্রিল সকাল ১০ টার দিকে ঘাতক রুবেল তার স্ত্রী মাহমুদাকে খুন করে দুপুর সাড়ে ১২টার দিকে ভাড়া রুমের দরজার বাহির হতে ছিটকিনি লাগিয়ে সন্তানদের নিয়ে উধাও হয়ে যায়। পরে আশপাশের লোকজনের সন্দেহ হলে বিষয়টি বাড়ির মালিকসহ স্থানীয়রা রুমের ছিটকিনি খুলে ভিতরে খাটের উপর মাহমুদা বেগমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

ওই ঘটনায় নিহতের বাবা কারী গাউছ ঘরামী বাদী হয়ে রুবেল লস্করকে আসামি করে একটি হত্যা মামলা করলে র‌্যাব তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, ‘আসামি মাদারীপুরে গ্রেফতার হয়েছে। তাকে টঙ্গিবাড়ী থানায় আনা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।’

তিনি আরো বলেন, ‘নিহতের গলায় আঘাতের চিহ্ণ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’