মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও হত্যাসহ ১৩ মামলার এজাহারনামীয় আসামি শওকত দেওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুমায়ুন কবির জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানার যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শওকত দেওয়ানকে গ্রেফতার করা হয়। তিনি মুন্সীকান্দী গ্রামের বাসিন্দা ও মোল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
গ্রেফতার হওয়া শওকত দেওয়ানের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ী থানায় একাধিক হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।








