শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিনদিন পর রাফি (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে শরণখোলা থানা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জামাল আকনের বাড়ির পার্শ্ববর্তী খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।

রাফি দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

ভূক্তভোগী পরিবার ও স্থানীয়দের সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জামাল আকনের ছেলে রাফি নিখোঁজ হয়। সম্ভব্য সকল স্থানে খুঁজেও তাকে পায়নি। সোমবার সকাল ৭টার দিকে জামাল আকনের বাড়ির পার্শ্ববর্তী খালে এক প্রতিবেশী গোসল করতে গিয়ে কচুরিপানার মধ্যে রাফির একটি হাত দেখতে পেয়ে চিৎকার দিয়ে এলাকাবাসীকে জানায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাফির বাবা জসিম আকন জানান, নিখোঁজ হওয়ার পর তারা বিভিন্ন স্থানে খোঁজ করেছেন তাকে। তার দাবি, রাফি সাঁতার জানত এবং ওই খালে যাওয়ার কথা নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।

এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে। ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’