জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘জামায়াত কোরআন-সুন্নাহর আলোকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। সমাজের সর্বস্তরে নৈতিকতা, সততা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ, কল্যাণমুখী মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চায়। জামায়াতের এই পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
তিনি বলেন, বিএনপি সরকার ধর্মীয় বিধান উপেক্ষা করে জাতীয় সংসদে কোরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাস করে ধর্মপ্রাণ মানুষের সাথে প্রতারণা করেছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন অসিয়ত ও সম্পত্তির উত্তরাধিকার-বণ্টনের বিধান নির্ধারণ করে দিয়েছেন। অথচ নির্বাচনের আগে বিএনপি কোরআন-সুন্নাহবিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিয়ে, ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। অবিলম্বে কোরআন-সুন্নাহবিরোধী এই আইন বাতিল করতে হবে।
তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের অনন্তপুরে জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কান্দিগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন নায়েবে আমির মখলিসুর রহমান ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা আমির নাজির উদ্দিন ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আমিনুর রহমান ও ইউনিয়ন সেক্রেটারি আব্দুল কাইয়ুম প্রমুখ।
সভায় কান্দিগাঁও ইউনিয়ন ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের বিভিন্ন স্তরের জনশক্তি উপস্থিত ছিলেন। নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দাওয়াতি সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।















