‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে জামালপুর থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। তারা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মী বলে জানা গেছে।
শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজং বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতরা হলেন- মাদারগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো: সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুর হাসান মিস্টার, হাফেজ মঞ্জরুল ইসলাম, খুরশেদ আলম, হাফেজ ফেরদৌস ও জুবায়ের। আহত আরো কয়েকজনের নাম এখনো জানা যায়নি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমিন রুহানী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার সকালে ‘মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে মাদারগঞ্জ ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল মাইক্রোবাসযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। পরে গাড়িটি টাঙ্গাইল জেলার ধনবাড়ীর বানিয়াজং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সংগঠনটির ১৩ জন নেতাকর্মী আহন হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জামালপুর সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর আশেকীন বলেন, ‘সকালে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। এটি ধনবাড়ী এলাকার ঘটনা। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’





