পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে এক স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)।

সূত্রে জানা যায়, শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়ার কাঞ্চন পার্কে বেড়াতে যান হৃদয় ও মৌসহ বেশ কয়েকজন। সেখানে তারা একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। নৌকায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল। নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও, হৃদয় ও মৌ নিখোঁজ হন। খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল এবং নাজিরগঞ্জ নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এদিন সন্ধ্যায় অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। পরে আজ শনিবার সকালে পুনরায় অভিযান শুরু হলে সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।