মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা তিনটি কার্টন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন। কার্টনগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ালে বিষয়টি সন্দেহজনক মনে করে তারা মধুখালী থানা পুলিশকে খবর দেন।
লাশটির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টন তিনটি উদ্ধার করে। পরে কার্টনগুলো খুললে এর ভেতর থেকে ছয় টুকরোর লাশটি উদ্ধার করা হয়।
লাশের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, ঘটনার রহস্য উদঘাটন ও নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।















