সিলেট নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। নগরীর আম্বরখানাস্থ ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটক ওই ছাত্রলীগ নেতার নাম আব্দুল আহাদ (২৭)। তিনি নগরীর এয়ারপোর্ট থানাধীন ইলেকট্রিক সাপ্লাই রোডের কলবাখানি এলাকার গোলাম গফুর মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে গত বছরের জুলাই আন্দোলনে নগরীর রাজপথে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আন্দোলন চলাকালে এক ছাত্রীর গলা টিপে ধরার ভিডিও ও ছবি রয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে সাপ্লাই এলাকার স্থানীয়রা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুল আহাদকে আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি মামলাও রয়েছে। বর্তমানে তাকে ওসমানী মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে। কিছুটা সুস্থ হলে আদালতে পাঠানো হবে।








