দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নজরদারী বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রোববার (১১ মে) সকাল ১১টার দিকে উপজেলার বাউতলা সীমান্তে স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবির আখাউড়া বিওপি কমান্ডার নুরুল আমিন জানান, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আখাউড়া সীমান্তপথে ভারতীয় বিএসএফের পুশইন ইস্যু ছাড়াও অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধসহ যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছে বিজিবি সদস্যরা।
তিনি জানান, আখাউড়া সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবির টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মতবিনিময় সভায় স্থানীয় বিজিবি কর্মকর্তা কামরুজ্জামানসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন সীমান্ত গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








