নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবিতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর জোবায়ের হোসেন নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ভোলাবো এলাকা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হয় জোবায়ের।
জোবায়ের হোসেন রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জোবায়ের হোসেন এবং তার তিন বন্ধু সায়েম, সিয়াম ও রাব্বি দাউদপুর খেয়াঘাট থেকে একটি নৌকায় শীতলক্ষ্যা নদী পার হচ্ছিল। নদীর মাঝখানে যাওয়ার পর পানি উঠে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতার কেটে বন্ধুরা তীরে উঠলেও জোবায়ের নিখোঁজ থাকে। খবর পেয়ে শনিবার সকাল ৯টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে নিখোঁজ জুবায়ের হোসেনের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ‘যেহেতু ঘটনাটি নদীতে ঘটেছে বিষয়টি নৌপুলিশ দেখছে। তারা লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং আইনিব্যবস্থা নেয়া হবে।’








