মাদারীপুরের শিবচরের কুতুবপুর ও শেখপুর এলাকা থেকে আলাদা ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ মে) সকালে লাশ দু’টি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশের মধ্যে একজন শিবচর কুতুবপুরের ইদ্রিস মোড়লের ছেলে ইমন মোড়ল (১৮), অপরজন শেখপুর এলাকার আয়নাল হক (৫২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল ১০টার দিকে কুতুবপুর বাজারের একটি ফার্ণিচার দোকানে ইমন মোড়লের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে ইমনের লাশ উদ্ধার করে।
অপরদিকে একই উপজেলার শেখপুর এলাকায় একটি বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় আয়নাল হকের মরদেহ। পরে লাশ দু’টি ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, প্রাথমিকভাবে দু’টি ঘটনায় আত্মহত্যা মনে হলেও চলছে অধিকতর তদন্ত। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে নেয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।








