বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘২০২৪ সালের ৩৬ জুলাই (৫ আগস্ট) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। এমতাবস্থায় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ইনসাফভিত্তিক ও জনকল্যাণময় দেশ বিনির্মাণে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মঙ্গলবার (৫ আগস্ট) আসরের নামাজের পর চট্টগ্রাম মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্টরা দেশে অপশাসন, দুঃশাসন চালিয়েছে। কিন্তু ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে দেশ ছেড়ে বিদায় নিতে হয়েছে। তারা আবার দৃশ্যপটে ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু বীর জনতা তাদের সে ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না।’

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

এতে বক্তব্য রাখেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক কাউন্সিলর শফিউল আলম, নগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল, নগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করতে সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিভেদের রাজনীতির কবর রচনা করতে হবে।’

সমাবেশে আরো উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোছাইন, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজি সবুজ প্রমুখ।