নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কেজি ওজনের একটি গাঁজার গাছসহ মো: আব্দুল্লাহেল শাফি (৩২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত অপর আসামি মো: হুমায়ুন কবির (৪৫) পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া (দরগাপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাফি ওই গ্রামের মো: আব্দুল গনি মণ্ডলের ছেলে। শফি ও পলাতক হুমায়ুন আপন ভাই বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহানের নেতৃত্বে রাতে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া (দরগাপাড়া) গ্রামে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।​অভিযানে হুমায়ুনের জমি থেকে আনুমানিক ছয় ফুট লম্বা ও এক কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধারসহ তার ভাই শাফিকে গ্রেফতার করা হয়। অভিযানের খবর পেয়ে হুমায়ুন পালিয়ে যান। পরে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

ওসি মনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার আসামি শাফিকে আজ শুক্রবার নাটোর আদালতে পাঠানো হয়েছে। মামলার ২ নম্বর পলাতক আসামি হুমায়ুনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’