বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ‘দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি তেল নিয়ে চরম নৈরাজ্য চলছে। নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে।’

শুক্রবার (২৪ এপ্রিল) বগুড়া মহানগরীর কার্যালয়ে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আবিদুর রহমান সোহেল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতায় জনদুর্ভোগ ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাই সনদ উপেক্ষা করছে এবং গণভোটের রায় নিয়ে জাতির সাথে প্রতারণা শুরু করছে।’

তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। ১৫ দিনের ব্যবধানে দু’বারে এলপিজি সিলিন্ডারের দাম ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু সরকারের মন্ত্রী এমপিরা ব্যর্থতার দায় স্বীকার না করে উল্টো জাতিকে নিয়ে তামাশা করছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।’

তিনি হুশিয়ারী দিয়ে বলেন, ‘দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না।’

অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ, মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ বেগ।